
সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পিআরএল (প্রি-রিটায়ারমেন্ট লিভ) গমনের দিন চার পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক প্রদান করা হয়েছে। পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু তাদের হাতে এ চেক তুলে দেন।
লাম্পগ্রান্ট বিলের চেক গ্রহণকারী সদস্যরা হলেন— এএসআই শহিদুল ইসলাম, আব্দুস ছাত্তার, কনস্টেবল রেজাউল করিম ও তারিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ চেক প্রদান করা হয়। দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ অবসর-উত্তর ছুটি (পিআরএল) গমনের দিনই তাদের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দেওয়া হয়। এতে তারা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় পুলিশ সুপার তাদের দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তাদের অবসর-পরবর্তী জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক— এমন শুভকামনা জানান।
জেলা পুলিশ মনে করে, বাহিনীর প্রতিটি সদস্যের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের সম্মানজনক বিদায় নিশ্চিত করাও মানবিক ও দায়িত্বশীল প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপারগণসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।