ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে বাস-থ্রিহুইলারের সংঘর্ষে চালক নিহত, আহত ৮

রাজবাড়ীতে বাস-থ্রিহুইলারের সংঘর্ষে চালক নিহত, আহত ৮

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও থ্রিহুইলারের (মাহিন্দ্র) মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান বাবলু (৫৫) নামে এক থ্রিহুইলার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ অন্তত আটজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান বাবলু কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের পশ্চিম ফুলকাইনার গ্রামের মৃত সাদেক আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুষ্টিয়াগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাইকার মোড় এলাকায় একটি গাড়িকে অতিক্রম (ওভারটেক) করার সময় বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী একটি থ্রিহুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় থ্রিহুইলারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। বাসটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়ে সড়কের পাশে চলে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক থ্রিহুইলার চালক আব্দুর রহমান বাবলুকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানান, থ্রিহুইলার চালককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনাকবলিত বাস ও থ্রিহুইলার সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আহত ৮,চালক নিহত,বাস-থ্রিহুইলারের সংঘর্ষ,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত