ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সিয়াম মৃধা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিয়াম স্থানীয় দিরাজতুল্লা মৃধাপাড়ার ব্যবসায়ী শিপন মৃধার ছোট ছেলে।

সোমবার (০৩ আগস্ট) সকালে বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দিরাজতুল্লা মৃধাপাড়ায় বাড়ির পাশেই বড় ভাইয়ের সঙ্গে খেলছিল সিয়াম। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে সে পাশের সালাম মৃধার পুকুরের দিকে চলে যায়।

প্রতিবেশী ও স্থানীয় স্কুলশিক্ষক জহির রায়হান জানান, পুকুরটিতে গত দুই দিন ধরে একটি ফুটবল ভাসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাসমান ফুটবলটি আনতে গিয়ে সিয়াম পানিতে নেমে তলিয়ে যায়।

প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টার দিকে পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, যোহরের নামাজের পর ঈদগাহ মাঠে সিয়ামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বেলা ২টার দিকে স্থানীয় মৃধাডাঙ্গা কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিন সন্তানের মধ্যে সবার ছোট ছিল সিয়াম। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাজুড়েও বিরাজ করছে গভীর শোকের ছায়া।

৩ বছরের শিশু,প্রাণ গেল,পুকুরে ডুব,ফুটবল আনতে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত