
ফরিদপুরে মাদক মামলায় আদালতে হাজিরা দিতে এসে নিজের সঙ্গে ১৫০ গ্রাম গাঁজা বহন করায় হাতেনাতে ধরা পড়েছেন এক আসামি। ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচার শেষে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) দুপুরে ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত কাশেদ মোল্লা (৭১) ফরিদপুরের মধুখালী উপজেলার মৃত মতি মোল্লার ছেলে। তিনি একটি মাদক মামলার আসামি হিসেবে নিয়মিত হাজিরা দিতে আদালতে এসেছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, কাশেদ মোল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজার আদালতে প্রবেশের সময় তার হাতে থাকা একটি ব্যাগ দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা আদালতের কর্মীরা ব্যাগটি তল্লাশির জন্য জানতে চান। এ সময় তিনি গড়িমসি করলে সন্দেহের সৃষ্টি হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ব্যাগে মাদক থাকার কথা স্বীকার করেন।
এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেওয়া হলে তাদের কর্মকর্তারা উপস্থিত হয়ে ব্যাগ তল্লাশি করেন। তল্লাশিতে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাসেল কবির ও আদালতের পেশকার জিয়ারত মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া গাঁজার ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ এনে আদালতে সংক্ষিপ্ত বিচারের আবেদন করা হয়।
ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. নাজমুল কবীর সংক্ষিপ্ত বিচার শেষে কাশেদ মোল্লাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।