
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএসটিআইয়ের অনুমোদনহীনভাবে আইসক্রিমের মোড়কে লোগো ব্যবহার করে পণ্য তৈরি করায় এক কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া এলাকার সিরাজুল ইসলামের ‘মিল্ক মিঠা’ নামক আইসক্রিম কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম এবং মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে ওই কারখানায় আইসক্রিমের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করতে দেখা যায়, যার কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়া অবৈধভাবে আইসক্রিমের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. সিরাজুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আসাদুজ্জামান রুমেল জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় সাটুরিয়া উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, ‘মিল্ক মিঠা’ নামক আইসক্রিম কারখানাটি বিএসটিআইয়ের অনুমোদন বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পণ্যের মোড়কে লোগো ব্যবহার করছে। এছাড়া ‘মিল্ক ভিটা’ নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিঠা’ নামে আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল।
এ কারণে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ আইসক্রিমের মোড়ক ধ্বংস করা হয় এবং এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়।