
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরসমেশপুর গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে শিক্ষার্থী সিয়াম (১৬) নিহত হয়েছে। সে ওই গ্রামের সুরুজ্জামানের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।
বেলকুচি থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সকালে ওই শিক্ষার্থী নিজেদের জমিতে ধান লাগাতে গিয়েছিল। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।
চলতি বছর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ওই শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।