
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বারইভাগ গ্রামের রিকশাচালক নজরুল ইসলাম জুলাই আন্দোলনে ঢাকায় নিহত হন। তার নামে ওই উপজেলার একটি সড়কের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) আয়োজনে সড়কটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
এ সময় তিনি বলেন, শহীদ নজরুল ইসলাম ঢাকায় রিকশা চালাতেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অন্যান্য সহকর্মীদের সঙ্গে তিনি আন্দোলনে অংশগ্রহণ করেন এবং আন্দোলন চলাকালে নিহত হন। তার এ আত্মত্যাগ জাতি স্মরণ রাখবে। নতুন প্রজন্মের কাছে তার স্মৃতি তুলে ধরতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, বিএনপি নেতা আলী আকবর খান স্বপন, প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান গাজী আনিছুর রহমান, মুনজুরুল হাসান, ফরিদুল ইসলাম, আব্দুল ওহাব প্রমুখ।