ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নিজ মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নিজ মৎস্য খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ সদর উপজেলায় একটি মৎস্য খামারে ভাসমান অবস্থায় সাবেক এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় নিহতের নিজ মৎস্য খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাজমুল আলম অনিক (৩৪) ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর আগে অনিক পুলিশের চাকরিতে যোগ দেন। দুই বছর চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে বাড়িতে ফিরে কৃষিকাজে যুক্ত হন। পরে দুই-তিন বছর আগে মাছ চাষ শুরু করেন।

তারা আরও জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তিনি মৎস্য খামারের পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে গরুর জন্য কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মৎস্য খামারের পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে পানিতে আধা ডুবে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

মরদেহ উদ্ধার,সাবেক পুলিশ সদস্য,নিজ মৎস্য খামার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত