ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীকে নিয়ে বীক্ষণের সাহিত্য আড্ডা ও গানের আসর

গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীকে নিয়ে বীক্ষণের সাহিত্য আড্ডা ও গানের আসর

বাংলা গান ও কবিতার অঙ্গনে চার দশকেরও বেশি সময় ধরে সৃজনশীল অবদান রেখে আসা কবি ও গীতিকার শহীদুল্লাহ ফরায়জীকে নিয়ে ব্যতিক্রমধর্মী সাহিত্য আড্ডা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ময়মনসিংহ সাহিত্য সংসদ আঙিনায় ‘বীক্ষণ পাঠচক্র’-এর উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে কবি তারিকুল ফেরদৌস সম্পাদিত ‘বীক্ষণ’-এর গত প্রান্তিকের স্মারক ভাঁজপত্র গীতিকার শহীদুল্লাহ ফরায়জীর হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কবি সরকার আজিজ এবং বীক্ষণ পাঠচক্রের আহ্বায়ক কবি এহসান হাবীব।

‘বীক্ষণ ২২১৩’-এর নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত এ সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন কবি সরকার আজিজ। আলোচনায় অংশ নেন আনন্দ মোহন কলেজের অধ্যাপক প্রফেসর তারেক সালাহউদ্দিন মামুন, কথাশিল্পী শাখাওয়াত বকুল, বীক্ষণ পাঠচক্রের আহ্বায়ক কবি এহসান হাবীব, কবি জেনুন্নেছা রীণা, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি মোস্তফা তারেক এবং কবি মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ মনি। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি তারিকুল ফেরদৌস।

আলোচনায় বক্তারা বলেন, শহীদুল্লাহ ফরায়জী বাংলা গানের একজন স্বতন্ত্র কণ্ঠস্বর। তাঁর রচনায় প্রেম, প্রকৃতি, মানবিকতা এবং জীবনবোধ অনন্য শিল্পরূপ পেয়েছে। ‘মাটি আর বৃষ্টিতে মাখামাখি হয় যখন’, ‘দেহ পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানের মধ্য দিয়ে তিনি বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন। তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

নিজের বক্তব্যে শহীদুল্লাহ ফরায়জী বলেন, গান কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি মানুষের হৃদয়ে অনুভূতির জন্ম দেয়, সমাজ-বাস্তবতাকে নতুনভাবে ভাবতে শেখায় এবং বিবেককে জাগ্রত করার শক্তি রাখে। একজন সৃষ্টিশীল মানুষের দায়িত্ব কেবল ভালো লেখা নয়, মানুষের মনন ও মানবিক চেতনাকে সমৃদ্ধ করাও।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী শাহিন আনোয়ার। তাঁর পরিবেশিত গান অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। প্রশ্নোত্তর, স্মৃতিচারণ ও মুক্ত আলোচনার মধ্য দিয়ে সাহিত্যপ্রেমীরা শহীদুল্লাহ ফরায়জীর দীর্ঘ সাহিত্য ও সংগীতজীবনের নানা অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পান।

আয়োজকরা জানান, সাহিত্য, কবিতা ও বাংলা গানের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘বীক্ষণ পাঠচক্র’ নিয়মিতভাবে এমন সাহিত্যভিত্তিক আয়োজন করে আসছে। ভবিষ্যতেও দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সংস্কৃতিজনদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে।

গানের আসর,সাহিত্য আড্ডা,বীক্ষণ,গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত