ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম হীরা গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকার জাবেদের ছেলে। তিনি তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গ্রেপ্তার কামরুল কুমড়াকান্দি মল্লিকপাড়া এলাকার মো. মঞ্জুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তোরাই মোড় এলাকায় শরিফুল ইসলাম হীরার সঙ্গে কামরুলের পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল চাকু দিয়ে শরিফুলকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শরিফুল ইসলাম হীরাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শরিফুল ইসলাম হীরার কাছে ৫ থেকে ৬ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি, ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃত কামরুলের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যুবক নিহত,ছুরিকাঘাত,বিরোধ,পাওনা টাকা,গোয়ালন্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত