
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের দলীয় সকল পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। থানা চত্বরে বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে তাকে এ স্থগিত করা হয়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, উল্লাপাড়া থানা চত্বরে এক বিএনপি নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে থানায় ২টি মামলা হয়েছে।
এ মামলার কারণে আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এ নোটিশে তার লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে।
তিনি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন এবং বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করে প্রচার চালিয়ে যাচ্ছেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়েছিল। এ শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে তার সকল পদ স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, থানা চত্বরে মারধরের অভিযোগ এনে গত ২৬ জুলাই আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার।
সেইসঙ্গে একই দিন ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়। এ দুটি মামলায় আজাদ হোসেনসহ বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জেলা বিএনপি আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়।