
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন (৩০) ওই গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। গত ৬ মাস আগে প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে এসে সংসারের দেখভাল করতেন জাকির।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে কিছুটা দূরে মাগুরা ভিটা বিলে টর্চলাইটের আলোয় প্রাচীন পদ্ধতিতে মাছ শিকারে বের হন জাকির হোসেন। রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাড়ির পেছনে বুকে ছুরিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় জাকির হোসেনকে দেখতে পায় তার এক নিকটাত্মীয়। পরে ওই আত্মীয়ের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
দ্রুত কটিয়াদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন জাকির হোসেনকে।
নিহত জাকির হোসেনের বোনজামাই হান্নান মিয়া বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গেলে তিনি জাকির হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘বুকে ছুরিবিদ্ধ অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশ নিশ্চিত করতে পারেনি।