ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফরিদপুরে হামলার মামলায় ২১ দিন পর পলাতক আসামি গ্রেপ্তার

ফরিদপুরে হামলার মামলায় ২১ দিন পর পলাতক আসামি গ্রেপ্তার

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের পাঁচ সদস্যের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ২১ দিন পর পলাতক আসামি সাব্বির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুরের বড় মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতির্ময় মল্লিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ২০ জুলাই এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলাটির নম্বর কোতোয়ালি পি-৪৪/২৬ এবং জিআর নম্বর ৫৪৫/২৬। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই সকাল ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার ১০ নম্বর কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় জমি মাপজোকের বিষয়ে স্থানীয়দের দাওয়াত দেওয়ার সময় ইউসুফ মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ সময় ইউসুফ মিয়াকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে মো. মাফিকের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক মোহাম্মদ মাহাবুব মিয়াকেও লাঠিসোঁটা দিয়ে মারধর করে আহত করা হয়। একই ঘটনায় ইউসুফ মিয়ার স্ত্রী ফরিদা আক্তার ও মেয়ে ঋতিকেও মারধরের অভিযোগ করা হয়েছে।

মামলায় মাজেদ মিয়া, হাশেম মিয়া, সাব্বির মিয়া, নাজিম মিয়া ও কালাম মিয়াসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়।

এদিকে, মামলার ২১ দিন পর সাব্বির মিয়া গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জ্যোতির্ময় মল্লিক বলেন, “সময় লাগলেও ৪ নম্বর আসামি সাব্বির মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মামলার অন্য পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি, তাদেরও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।”

গ্রেপ্তার,পলাতক আসামি,ফরিদপুরে হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত