
রাজশাহীতে সোনালী আঁশ পাট ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে উৎপাদন খরচ, বিশেষ করে শ্রমিক মজুরি বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তাও পিছু ছাড়ছে না চাষিদের। বাজারে পাটের ভালো দাম নিশ্চিত না হলে এবার বড় ধরনের লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।
পাট চাষিরা জানান, সোনালী আঁশের রোদেলা আভায় আজ রঙিন স্বপ্ন বুনছেন রাজশাহী জেলার কৃষকেরা। মাঠে মাঠে শুরু হয়েছে পাট তোলার উৎসব। ইতিমধ্যেই প্রায় ৬০ শতাংশ জমির পাট কেটে পানিতে জাগ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। গ্রামে গ্রামে কেউ ব্যস্ত পাটের আঁশ ছাড়াতে, কেউবা তা মেলিয়ে দিচ্ছেন প্রখর রোদে। আবার কেউ ঘরে তোলার জন্য গোছাচ্ছেন পাটকাঠি।
পাট তোলার এই সোনালী উৎসবে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে পরম মমতায় সহযোগিতা করছেন পরিবারের নারী সদস্যরাও।
চলতি মৌসুমে প্রকৃতি ও আবহাওয়া অনুকূলে থাকায় বিভিন্ন জাতের পাটের ফলন হয়েছে বেশ দেখার মতো। হাটে-বাজারে প্রতি মণ পাটের বর্তমান দর চলছে ৩ হাজার থেকে ৩ হাজার ৮০০ টাকা। তবে এবার বৃষ্টি কম হওয়ায় জাগ দেওয়ার পানি নিয়ে তৈরি হয়েছে কিছুটা সংকট। দূর-দূরান্তে পাট নিয়ে জাগ দিতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত গাড়ি ভাড়া, লাগছে বাড়তি শ্রমিকও। তাই বাজারে ভালো দাম প্রত্যাশা করছেন কৃষকরা।
এ ব্যাপারে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মিতা সরকার বলেন, আবহাওয়া ভালো থাকায় ভালো ফলন হয়েছে। এবার রাজশাহী জেলায় ১৮ হাজার ৪০০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন চাষিরা। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার ৩৭০ মেট্রিক টন।