
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলেকে মারধর করে সোনা, রুপা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় তাদের চিৎকার শুনে এগিয়ে আসা এক প্রতিবেশীকেও মারধর করে দুর্বৃত্তরা। পরে ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—পূর্ব শানবান্দা গ্রামের পতিত পবন শীল (৭২), তার ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং প্রতিবেশী মনোরঞ্জন পাল (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণালঙ্কার তৈরির দোকান বন্ধ করে বাবা-ছেলে বাড়ি ফেরার পথে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। একপর্যায়ে লোহার রড দিয়ে তাদের মাথায় আঘাত করে সঙ্গে থাকা সোনা, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগ অনুযায়ী, তাদের ব্যাগে প্রায় ৬০ ভরি রুপা, দুই আনা সোনা ও নগদ ৮৫ হাজার টাকা ছিল।
বাবা-ছেলের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল এগিয়ে এলে তাকেও রড দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত পবন শীলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে মাটিতে পড়ে থাকা একটি আগ্নেয়াস্ত্রের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।