
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে নাফিজ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন (২১) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে ভাঙ্গা পৌরসভার গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ ভাঙ্গা উপজেলার হাজরাকান্দী গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। আহত সুমন একই গ্রামের দেলোয়ার শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাফিজ মোটরসাইকেল চালিয়ে গোলচত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলে থাকা নাফিজ ও সুমন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত সুমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নাফিজের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।