
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া মৎস্য আড়তে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
এ অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই মৎস্য আড়তে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির জন্য রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ওই আড়তে অভিযান চালানো হয়।
এ অভিযানে বিক্রির জন্য রাখা উল্লেখিত মাছ জব্দ করা হলেও মাছ বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জব্দ করা মাছগুলো উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয় এবং সেখানে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।