
সিরাজগঞ্জে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। তারা হলেন পাবনার আটঘড়িয়া উপজেলার আফসার আলীর ছেলে পুলিশ সদস্য বশির উদ্দিন (৩৮) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শ্যামগাতি গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)।
এ ঘটনায় সদর থানার ওসি রাকিবুল হাসান আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার দুপুরে মর্জিনা ছেলের মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
এ সময় যমুনা কলেজের সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মা ও ছেলে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আরব আলী জানান, সকালে রেলওয়ের পুলিশ সুপার (পাকশী) উল্লাপাড়া রেলওয়ে ওভারব্রিজ এলাকা পরিদর্শনে আসেন। এ সময় পুলিশ সুপারের গাড়িচালক ও নিরাপত্তাকর্মীরা পাশের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন।
একপর্যায়ে পেছন থেকে একটি অটোরিকশা বশির উদ্দিনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।