
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নেওরগাছা নতুনপাড়া গ্রামের বিল থেকে বৃদ্ধা মালা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আমছের প্রামাণিকের স্ত্রী।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মালা বেগম দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন। এর আগে তিনি দুটি বিয়ে করেছিলেন এবং দুই স্বামীর সংসারে তার ৯টি ছেলে-মেয়ে রয়েছে।
ছেলে-মেয়েদের সঙ্গে তার সম্পর্ক ভালো না থাকায় তিনি বাড়িতে একাই থাকতেন। বাড়ির পাশে টুঙ্গি দোকান করে তিনি জীবিকা নির্বাহ করতেন।
মঙ্গলবার সকালে বাড়ির পাশে বিলের কচুরিপানার মধ্যে মালা বেগমের (৭০) মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে বিকেলে তার মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এটি হত্যা না আত্মহত্যা, এখনও তা জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।