
রাজবাড়ীর গোয়ালন্দে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মণ্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তারকৃত জামাল পত্তনদার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়ার হোসেন পত্তনদারের ছেলে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এডি মেজর ও কোম্পানি কমান্ডার ফারহান মাহমুদ মোক্তাদা।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ ও র্যাব-৬ যৌথভাবে গত রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে জামাল পত্তনদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দঘাটের দৌলতদিয়া এলাকায় গুলি করে শিক্ষার্থী রিপন মণ্ডলকে হত্যা করেন জামাল পত্তনদার। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
রায়ের পর মৃত্যুদণ্ড এড়াতে জামাল ভারতে পালিয়ে যান। ২০২৫ সালের ১০ আগস্ট মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। কয়েক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে প্রায় দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেন বলে র্যাব জানায়।
বাংলাদেশে প্রবেশের পর র্যাব তার ওপর নজরদারি শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে নড়াইলের ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, জামাল পত্তনদার রিপন মণ্ডল হত্যা মামলা ছাড়াও দুটি অস্ত্র, দুটি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।