
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের পান্না চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
এ সময় তিনি বলেন, রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়নে এক হাজার করে মোট ৪১ হাজার চারা গাছ রোপণ করা হবে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই এসব গাছ রোপণ শেষ করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারা গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির শুরু হয়েছে।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া এবং তার হাতকে শক্তিশালী করতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সিকদার পিন্টু, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন সেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, রাজবাড়ী পৌর বিএনপির সহসভাপতি মেহেদী হাসান রনিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।