ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ঈশ্বরদী বাইপাস স্টেশনে স্বর্ণের চেইন ছিনতাই, ৪ নারী আটক

ঈশ্বরদী বাইপাস স্টেশনে স্বর্ণের চেইন ছিনতাই, ৪ নারী আটক

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে সিল্কসিটি ট্রেনে ওঠার সময় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ। ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ ঘটনা ঘটে। আটক নারীরা হলেন—সেফালী বেগম (৩২), রোজিনা আকতার (২৫), মায়া ওরফে সুবর্ণা (২২) ও রুপালী (২২)।

এজাহার সূত্রে জানা যায়, নাটোরের লালপুরের আজিজা খাতুন টাঙ্গাইলে ননদের বাড়িতে যাওয়ার জন্য সিল্কসিটি ট্রেনে উঠছিলেন। এ সময় আসামিরা ইচ্ছাকৃতভাবে ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করেন। একপর্যায়ে ধাক্কার সুযোগে সেফালী বেগম তাঁর গলায় থাকা ‘এল’ অক্ষরযুক্ত লকেটসহ ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। চেইনটির আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার টাকা।

আজিজা খাতুন চিৎকার করলে যাত্রীরা রোজিনা, মায়া ও রুপালীকে আটক করেন। পরে ট্রেনে পালিয়ে যাওয়া সেফালীকেও যাত্রীদের সহায়তায় পুলিশ আটক করে।

এ ঘটনায় আজিজা খাতুন ঈশ্বরদী থানায় চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এজাহার দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আটক নারীরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে, আটক চার নারীকে উত্তেজিত জনতা মারধর করলে তারা আহত হন। পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

৪ নারী আটক,ছিনতাই,স্বর্ণের চেইন,ঈশ্বরদী বাইপাস স্টেশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত