ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময়

কাউখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময়

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

এরপর সকাল ১০টা ১৫ মিনিটে আমরাজুরি ইউনিয়ন পরিষদ এবং ১০টা ৪০ মিনিটে আমরাজুরি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক।

পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে উপজেলা সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সরকারি সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান শাওন, কাউখালী থানার তদন্ত কর্মকর্তা এবাদ আলী এবং উপজেলা বিএনপির নেতারা। বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জবাবে জেলা প্রশাসক সমস্যাগুলো দ্রুত সমাধানে যথাযথ উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা প্রশাসক বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ ছাড়া সন্ধ্যার পর কোনো শিক্ষার্থীকে রাস্তায় পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।

এরপর দুপুর ১২টায় বিআরডিবি কর্মকর্তা মাসুম মিয়ার উদ্যোগে ইরেসপো প্রকল্পের কিশোরী সংঘের অভিভাবক সমাবেশে অংশ নেন জেলা প্রশাসক। এ সময় কিশোরীদের শিক্ষা, নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নে পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

পরে বিকেল ২টায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়,দিনব্যাপী পরিদর্শন,জেলা প্রশাসক,কাউখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত