
সিরাজগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহরের ভাসানী রোড ও রহমতগঞ্জ এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রুমী এন্টারপ্রাইজের মালিক রমজান আলীকে ২৫ হাজার টাকা এবং দোকান মালিক বিলকিস আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।