
সিরাজগঞ্জে মাদক মামলার রায়ে ট্রাকচালকসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাঁকাকা নতুনপাড়া গ্রামের ট্রাকচালক রাসেল মিয়া (৩২) ও একই গ্রামের ট্রাকের হেলপার আনোয়ার হোসেন (৩০)।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় ঘোষণা করেন। আদালতের এপিপি আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে এপিপি আনিছুর রহমান জানান, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে পুলিশ। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক রাসেল মিয়া ও হেলপার আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করে। তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক তাদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।