ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী ভবন নির্মাণে ধীরগতি

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী ভবন নির্মাণে ধীরগতি

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণ না হওয়ায় প্রায় দুই যুগ ধরে চরম ভোগান্তিতে রয়েছেন এ অঞ্চলের লক্ষাধিক মানুষ। দীর্ঘদিনেও হাসপাতালের নতুন ভবন নির্মাণ না হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।

বিগত দিনে একাধিক অনিয়ম ও দুর্নীতির কারণে ফাইলবন্দী হয়ে থাকা প্রকল্পের পর সম্প্রতি সাধারণ মানুষের দাবির মুখে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) ৪৫ দিনের মধ্যে একটি অস্থায়ী ভবন নির্মাণের কার্যাদেশ দেয়। তবে সাত মাস পেরিয়ে গেলেও সেই কাজ এখনো শেষ হয়নি। ফলে রোগীদের চিকিৎসাসেবা নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় ও মামলা-সংক্রান্ত সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনটি প্রায় ১৮ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরবর্তীতে ২০০৮ সালে টেন্ডারের মাধ্যমে বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স নূরী এন্টারপ্রাইজ’কে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়।

৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় ওপিডি ভবন ও দুটি আবাসিক ভবন নির্মাণের কথা ছিল। ২০০৮ সালের ২৫ জুন চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি তা করেনি।

অভিযোগ রয়েছে, নূরী এন্টারপ্রাইজ কাজের শুরু থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়। আংশিক কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে কাজ অসমাপ্ত রেখেই প্রতিষ্ঠানটি চলে যায়। এতে সরকারি অর্থের অপচয় হয় এবং ভবনটি কোনো কাজেই আসেনি। এসব অনিয়মের ঘটনায় পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে।

দীর্ঘদিন ধরে নতুন হাসপাতাল ভবন নির্মাণের জন্য দুই দফা টেন্ডার হলেও অজানা কারণে নির্মাণকাজ ঝুলে থাকে। পরে সাধারণ মানুষের চরম ভোগান্তি ও দাবির মুখে কর্তৃপক্ষ বিকল্প হিসেবে একটি অস্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED), পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী তাঞ্জিলা ফেরদৌসির স্বাক্ষরিত ২০২৬ সালের ৫ মে তারিখের কার্যাদেশে (স্মারক নম্বর- 45.02.0079.363.18.001.26-343) ‘মেসার্স হাওলাদার ফাউন্ডেশন’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওপিডি ও কিচেন ব্লকের জন্য একতলা বিশিষ্ট আধা-স্থায়ী কাঠামো নির্মাণের দায়িত্ব দেওয়া হয়।

১ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকার বেশি চুক্তিমূল্যের এ কাজের শর্ত অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের সাত দিনের মধ্যে সাইট বুঝে নিয়ে পরবর্তী ৪৫ দিনের মধ্যে নির্মাণকাজ শেষ করে হস্তান্তর করার কথা ছিল।

তবে কার্যাদেশে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা থাকলেও সাত মাস পেরিয়ে যাওয়ার পরও অস্থায়ী অবকাঠামোর নির্মাণকাজ শেষ হয়নি। ফলে দীর্ঘদিন ধরে চলা স্বাস্থ্যসেবা-সংক্রান্ত দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন না কাউখালীবাসী। অবিলম্বে নির্মাণকাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সুব্রত কর্মকার জানিয়েছিলেন, ভবন সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মচারীর জন্য আবাসনের ব্যবস্থাও নেই। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং বর্তমানে কোনো আইনি জটিলতা নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী তাঞ্জিলা ফেরদৌসি বলেন, ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি অসুস্থ থাকায় আগামী দিন থেকে তার প্রতিনিধির মাধ্যমে অসমাপ্ত কাজ শেষ করবেন এবং দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।

ভবন নির্মাণে ধীরগতি,অস্থায়ী ভবন,স্বাস্থ্য কমপ্লেক্স,কাউখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত