
হেমন্তের সকালে শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ—প্রকৃতির এই পরিবর্তনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠে মাঠে পাকা ধানের সোনালি শীষ, ঘরে ঘরে নতুন ধান তোলার প্রস্তুতি। অন্যদিকে খেজুরের রস সংগ্রহ ও পিঠা-পায়েস তৈরির অপেক্ষায় গ্রামীণ জনপদ।
সব মিলিয়ে টাঙ্গাইলে বইছে হেমন্তের নবান্ন উৎসবের আমেজ। তবে সার, বীজ ও কীটনাশকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং প্রয়োজনের তুলনায় বাজারে কৃত্রিম সংকটের কারণে লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা।
টাঙ্গাইলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন দোল খাচ্ছে পাকা ধানের সোনালি শীষ। কোথাও চলছে ধান কাটার প্রস্তুতি, আবার কোথাও নতুন ধান কেটে রোদে শুকিয়ে ঘরে তুলছেন কৃষক-কৃষাণীরা। নতুন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে শুরু হয়েছে নবান্ন উৎসব।
সরেজমিনে মাঠে গিয়ে কৃষাণীদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন ধান ঘরে তুলতে ধান কাটা থেকে শুরু করে মাড়াই ও শুকানো পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়। তারপরও পাকা ধানের মৌ মৌ গন্ধে মন ভরে যায়। এ সময় প্রতিটি কৃষক পরিবারে বিরাজ করে সীমাহীন আনন্দ।
সারা বছরের খরচের জন্য ধান সিদ্ধ করে ঘরে তোলার পাশাপাশি কিছু ধান সিদ্ধ না করে শীতকালীন বিভিন্ন ধরনের পিঠা তৈরির জন্য রেখে দেওয়া হয়। শীতের শুরুতে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনদের নিয়ে নানা ধরনের পিঠা তৈরির ধুম পড়ে যায়। নাতি-নাতনি, ছেলে-মেয়েদের জন্য হরেক রকমের পিঠা তৈরি করেন তারা। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন তারা।
কৃষক আনিসুর রহমান জানান, আমন ধানের চারা রোপণের পর থেকে সার ও কীটনাশক ব্যবহার করে দীর্ঘদিন পরিচর্যার পর ধান কাটার মৌসুম আসে। যখন মাঠের ধানের শীষগুলো সোনালি রং ধারণ করে মৃদু বাতাসে দোল খায়, তখন আনন্দে মেতে ওঠেন তারা। এ সময় গ্রামের বাড়িতে বাড়িতে শুরু হয় নবান্ন উৎসব। নতুন ধানের পিঠা-পায়েস তৈরি করে আত্মীয়-স্বজনদের দাওয়াত দেওয়া গ্রামের একটি প্রাচীন রীতি। অবশিষ্ট ধানের কিছু অংশ বিক্রি করেন, আর বাকিটা পরিবারের খাবারের জন্য সংরক্ষণ করে রাখেন।
তবে হেমন্তের আগমন উপলক্ষে কৃষকদের আনন্দ-উৎসবের আড়ালে লুকিয়ে রয়েছে কিছু গ্লানি। সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। ফলে নতুন ধান ঘরে তুলেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
কৃষক আব্দুল কাদের মোল্লা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমন ধানের ফলন খুব ভালো হয়েছে। কিন্তু সার ও কীটনাশকের দাম বৃদ্ধি এবং প্রয়োজনীয় উপকরণের কৃত্রিম সংকটের কারণে লোকসানের আশঙ্কা করছেন তিনি।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ জানান, চলতি বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৪ হাজার ৫৯০ হেক্টর জমিতে। তবে চাষাবাদ হয়েছে ১ লাখ ৬ হাজার ৪০ হেক্টর জমিতে। এ ছাড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৯০ মেট্রিক টন।
তিনি জানান, মাঠ পর্যালোচনায় দেখা গেছে, এ পর্যন্ত ২০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। পুরো ধান কাটা শেষ হলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।