
নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. সেলিম হত্যার ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সজল, শাওন, ফয়সাল ও রাজিন। তাদের সবার বাড়ি দাদপুর ইউনিয়নে।
সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম এ তথ্য জানান।
দুপুরে তাদেরকে ‘শিশু আদালত ১’ এ হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি শেষে আদেশ দেওয়া হবে।
গত শনিবার সন্ধ্যায় দাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. সেলিমের বাড়ির সামনে কিশোর চক্রের সদস্যরা তার ছোট ছেলে অন্তরের ওপর হামলা চালায়। খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় নিহত হন সেলিম। এ ঘটনায় সেলিমের বড় ছেলে সাকির বাদী হয়ে থানায় মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিমের ছেলে অন্তর ও এলাকার কিশোরের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ছিল।
ফোনে অন্তরের সঙ্গে সজল নামে এক কিশোরের বাকবিতণ্ডা হয়। সজল তার সহযোগীদের নিয়ে অন্তরের বাড়ির সামনে এসে তার ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় অন্তরের বড় ভাই শাকিল এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শোরগোল শুনে বাড়ির পাশে নিজের দোকান থেকে বের হয়ে ছেলেদের রক্ষা করতে এগিয়ে যান মো. সেলিম।