অনলাইন সংস্করণ
১৮:২৯, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম বেড়েছে ১ শতাংশ, প্রতি আউন্সে যা ৪ হাজার ৩৪০ ডলারে পৌঁছেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে এ দাম রেকর্ড করা হয়।
জেফ্রিজের মালিকানাধীন ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মার্কিন-ইরান চুক্তির আশায় তেলের দাম কমায় আজ (শুক্রবার) স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে তা সত্ত্বেও মূল্যবান এই ধাতু সাপ্তাহিক দরপতনের দিকেই যাচ্ছে। কারণ ফেডের উচ্চ সুদের হার এবং বন্ডের বাড়তি মুনাফা স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয় বাড়িয়ে দিচ্ছে।’
গত সপ্তাহে সুদের হার ০ দশমিক ২৫ শতাংশ বাড়িয়েছে ফেড। সেই সঙ্গে ভবিষ্যতে আরও সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেয়া হয়েছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ট্রেডাররা অক্টোবরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৭১ শতাংশ এবং ডিসেম্বরে ৯৫ শতাংশ ধরে হিসেব কষছেন।
সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতি প্রতিরোধের হাতিয়ার হিসেবে দেখা হলেও সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা মুনাফাসমৃদ্ধ সম্পদের দিকে ঝুঁকে পড়েন। ফলে স্বর্ণের চাহিদা কিছুটা কমে যায়।
শুক্রবার অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
রুপা: ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৯০ ডলার
প্ল্যাটিনাম: ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৬৭ দশমিক ৫৫ ডলার
প্যালাডিয়াম: দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৬৫ দশমিক ০৩ ডলার
দেশের বাজারে স্বর্ণের দাম
এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
এ ছাড়া---
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা
বিশ্ববাজারে স্বর্ণের দামের পাশাপাশি ডলার, মার্কিন সুদের হার, ট্রেজারি বন্ডের মুনাফা এবং ভূরাজনৈতিক পরিস্থিতির ওপরও দেশের বাজারে স্বর্ণের দামের ওঠানামা অনেকটা নির্ভর করবে।