
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন। ধূমপানরত অবস্থায় ধরা পড়লে কিংবা এ বিষয়ে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবাসিক সিট বাতিলসহ তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৫ এপ্রিল) শহীদ ফরহাদ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ. এস. ফারুক আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি হলের বিভিন্ন কক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা তাদের রুমমেটদের ধূমপানের বিষয়ে হল কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগ করেছেন। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়, হলের কোনো কক্ষ, বারান্দা, করিডোর, সিঁড়ি, লিফট, কমনরুম ও লাইব্রেরি এলাকায় ধূমপান করা যাবে না।
এতে আরও উল্লেখ করা হয়, হলের কোনো আবাসিক শিক্ষার্থী ধূমপান করতে দেখা গেলে অথবা এ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে তার হলের সিট বাতিলপূর্বক তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শহীদ ফরহাদ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ. এস. ফারুক আলম দৈনিক আলোকিত বাংলাদেশকে বলেন, সম্প্রতি হলের বিভিন্ন কক্ষে ধূমপান নিয়ে নিয়মিত অভিযোগ আসছে। বিশেষ করে অধূমপায়ী শিক্ষার্থীরা এতে ভোগান্তির শিকার হচ্ছেন। একজনের ধূমপানের কারণে অন্যদের সমস্যা তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।