
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি কম্পিউটার ও প্রয়োজনীয় সরঞ্জাম উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার রাত ৯টায় জাকসু ভবনে ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের নেতৃবৃন্দের কাছে কম্পিউটারটি হস্তান্তর করা হয়।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পড়াশোনা ও দক্ষতা উন্নয়নে কম্পিউটারটি ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের সভাপতি সুমাইয়া আক্তার (হিয়া) বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। তাঁদের প্রয়োজন ও সমস্যাগুলোকে আলাদা কোনো বিষয় হিসেবে না দেখে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করা উচিত। জাকসুর দেওয়া এ উপহার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য জাকসু শুরু থেকেই কাজ করার চেষ্টা করেছে। তাঁদের পড়াশোনা ও জীবনযাত্রা সহজ করতে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সব সমস্যার সমাধান একসঙ্গে করা সম্ভব না হলেও সীমাবদ্ধতাগুলো অতিক্রম করে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নেও শুরু থেকেই কাজ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মেডিকেল সেন্টারে নতুন সুবিধা যুক্ত হয়েছে। জরুরি বিভাগে ছয়টি বেড স্থাপনের পাশাপাশি বিভিন্ন কক্ষে এসির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওষুধসহ বিভিন্ন অনিয়মের বিষয়ও সামনে আনার চেষ্টা করা হয়েছে।
কম্পিউটার হস্তান্তরের বিষয়ে ফেরদৌস আল হাসান বলেন, জাকসুর মেয়াদের শেষ সময়ে এটি তাঁদের ছোট্ট একটি উদ্যোগ। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি কম্পিউটার সেটআপ করে দেওয়া হয়েছে। বিশেষ করে দৃষ্টিসংক্রান্ত সমস্যার কথা বিবেচনায় রেখে ভালো মানের মনিটর দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, জাকসুর মেয়াদ শেষ হলেও একজন শিক্ষার্থী হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবেন।