
নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে মার্কিন স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএন জানিয়েছে, শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটি। সেখানকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সঠিক লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি দাবি করেছে, হামলায় ধ্বংস হয়েছে উন্নত প্রাথমিক সতর্কতা রাডার সিস্টেম, এমকিউ‑৯ ড্রোন রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হ্যাঙ্গার, এবং মার্কিন গোয়েন্দা বিমান ইউ‑২ এর সঙ্গে যুক্ত অন্যান্য সুবিধা।
আইআরজিসি আরও জানিয়েছে, কুয়েতের আলি আল সেলেম বিমানঘাঁটি লক্ষ্য করে ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সেখানে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে রাডার সিস্টেম, জ্বালানি সংরক্ষণাগার এবং মার্কিন বিমানের ব্যবহৃত দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আল জাজিরা