
হরমুজ প্রণালি খুলে দেয়া এবং যুদ্ধ বন্ধের ইস্যুতে ইরানের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এর পরিবর্তে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চাপ বাড়াতে নৌ অবরোধ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সঙ্গে আলাপে প্রেসিডেন্ট বলেন, ‘বোমা হামলার চেয়ে অবরোধ কিছুটা বেশি কার্যকর। তারা শ্বাসরুদ্ধ অবস্থায় আছে। এটি ইরানের জন্য আরও খারাপ হতে চলেছে।’
তিনি দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেয়ার জন্য ইরান একটি চুক্তির চেষ্টা করছে।
ইরানের প্রস্তাব নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই তার প্রধান লক্ষ্য। এ ছাড়া মার্কিন অবরোধের ফলে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ফলে দেশটির জ্বালানি অবকাঠামো ‘বিস্ফোরণের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে বলেও দাবি করেন তিনি।
কয়েকটি সামরিক সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, যদি ইরান নতি স্বীকার না করে এবং কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত থাকে, তাহলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ এয়ার ক্যাম্পেইন চালাতে পারে। সে লক্ষ্যে পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে।
তবে সূত্রগুলোর মতে, ইরানে পুনরায় কোনও সামরিক অভিযান চালানোর অনুমোদন দেননি ট্রাম্প।
সূত্র: আনাদোলু
আবা/এসআর/২৬