
যুদ্ধ বন্ধের আলোচনা থমকে যাওয়ার ইস্যুতে ইরানের ক্ষণগণনা শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১৭ মে) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক বার্তায় ইরানের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ট্রুথ সোশ্যালে দেয়া ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘তাদের (ইরান) উচিত দ্রুত পদক্ষেপ নেয়া, তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময়টাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
গত এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে রাজি না হলে তাদের পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এবার তার নতুন বার্তায় সেই পুরানো সুরই শোনা গেল।
চলতি সপ্তাহের শুরুতে তেহরানের দাবিগুলোকে পুরোপুরি অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। সে সময় তিনি জানিয়েছিলেন, যুদ্ধবিরতি এখন ম্যাসিভ লাইফ সাপোর্টে রয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের মতে, তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে: সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা (লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরাইলি হামলাসহ), ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্বের ওপর জোর দেয়ার দাবিও জানানো হয়েছে।
এদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, সংঘাত নিরসনে তেহরানের সবশেষ প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট ছাড় দিতে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটন আপস না করলে আলোচনার ক্ষেত্রে একটি অচলাবস্থা তৈরি হবে বলেও সতর্ক করেছে তারা।
আবা/এসআর/২৬