ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রায় তিন মাস পর ইরানে বৈশ্বিক ইন্টারনেট চালুর নির্দেশ

প্রায় তিন মাস পর ইরানে বৈশ্বিক ইন্টারনেট চালুর নির্দেশ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত ঘিরে প্রায় তিন মাস (৮৭ দিন) বন্ধ থাকার পর আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ আবারো চালুর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর: রয়টার্সের।

সোমবার (২৫ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।

তবে কীভাবে এবং ঠিক কবে থেকে ইরান আবার বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে পুরোপুরি যুক্ত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, গত ৮৭ দিন ধরে অধিকাংশ ইরানি নাগরিক বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার থেকে বিচ্ছিন্ন ছিলেন। কেবলমাত্র সীমিত সংখ্যক মানুষ ব্যয়বহুল ও উন্নত ভিপিএনের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছেন।

এর আগে, সরকারবিরোধী বিক্ষোভের জেরে গত ৮ জানুয়ারি প্রথম দফায় ইন্টারনেট ব্ল্যাকআউট আরোপ করে ইরান সরকার। পরে ফেব্রুয়ারিতে ধীরে ধীরে সংযোগ কিছুটা স্বাভাবিক হলেও, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর আবারও নতুন করে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

স্বাভাবিক সময়েও ইরানে বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি ও সেন্সরশিপ বহাল থাকে। বহু ওয়েবসাইট দীর্ঘদিন ধরে নিষিদ্ধ রয়েছে। একইসঙ্গে দেশটির সরকার আন্তর্জাতিক ইন্টারনেটের বিকল্প হিসেবে অভ্যন্তরীণ ইন্ট্রানেটভিত্তিক সেবা ব্যবস্থার ওপর নির্ভরতা বাড়াচ্ছে। বর্তমানে শিক্ষা কার্যক্রমের বড় একটি অংশও এই অভ্যন্তরীণ অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

আবা/এসআর/২৬

ইরান,ইন্টারনেট,চালু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত