ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পশ্চিম এশিয়া আর যুক্তরাষ্ট্রের ঘাঁটির ঢাল হবে না : মুজতাবা খামেনি

পশ্চিম এশিয়া আর যুক্তরাষ্ট্রের ঘাঁটির ঢাল হবে না : মুজতাবা খামেনি

পশ্চিম এশিয়ার দেশগুলো আর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির ‘ঢাল’ হিসেবে ব্যবহার হবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি।

মঙ্গলবার (২৬ মে) ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক লিখিত বিবৃতিতে মুজতাবা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ভবিষ্যৎ নিয়ে এই হুঁশিয়ারি দেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এই বাণীতে খামেনি বলেন, “এই বিষয়ে যা নিশ্চিত তা হল, সময়ের চাকা আর পেছনে ঘুরবে না। পশ্চিম এশিয়ার দেশ ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না।”

উল্লেখ্য, গত মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর দিকে মুজতাবার বাবা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তারপরই মুজতাবা এই পদে স্থলাভিষিক্ত হন।

বিবৃতিতে মুজতাবা আরও বলেন, “পশ্চিম এশিয়ায় আক্রমণ শানানো এবং সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার কোনও নিরাপদ আশ্রয় তো আর থাকবেই না, বরং প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের পূর্ববর্তী অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে।”

ইরানে গত ২৮ ফেব্রুয়ারিতে শুরু হওয়া এবং পরবর্তীতে পুরো পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়া যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন চুক্তি নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে এই বক্তব্য এল।

এই যুদ্ধকে কেন্দ্র করে গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটন অনেকগুলো বিষয়ে সমঝোতায় পৌঁছালেও চূড়ান্ত চুক্তি এখনই হচ্ছে না।

ওদিকে গত মঙ্গলবার ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং দেশের আকাশসীমায় প্রবেশের চেষ্টাকালে অন্য একটি উড়োজাহাজে গুলি চালিয়েছে।

তবে এই ঘটনাগুলো ঠিক কবে ঘটেছে তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি। এক বিবৃতিতে আইআরজিসি মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনও চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এবং পাল্টা জবাব দেওয়াকে তাদের বৈধ ও নিশ্চিত অধিকার বলে উল্লেখ করেছে।

আবা/এসআর/২৬

পশ্চিম এশিয়া,যুক্তরাষ্ট্র,ঢাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত