
ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হরমুজ প্রণালির উভয় দিক থেকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির জন্য কয়েকটি শর্ত তুলে ধরেন তিনি।
ট্রাম্পের শর্ত অনুযায়ী, ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল ছাড়া উভয় দিক থেকে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রণালিতে যদি কোনো মাইন থেকে থাকে, তাহলে সেগুলোও দ্রুত সরিয়ে ফেলতে হবে। মার্কিন বাহিনী ইতোমধ্যে অনেক মাইন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে এবং বর্তমানে আটকে থাকা জাহাজগুলো নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারবে।
ট্রাম্পের দাবি, প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র উদ্ধার করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় ধ্বংস করবে।
তবে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের পর পরই প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্য ‘সত্য ও মিথ্যার মিশ্রণ’ এবং এ দাবি ইরান নাকচ করে দিয়েছে।
আবা/এসআর/২৬