
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এ লক্ষ্যেই ওয়াশিংটন তার আন্তর্জাতিক অঙ্গীকার বজায় রাখবে।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে এসব কথা জানান তিনি।
হেগসেথ বলেন, “ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করা আমাদের বৈশ্বিক দায়িত্বের অংশ।”
অনুষ্ঠানে তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরে প্রতিরক্ষা খাতে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের ‘প্রজন্মগত বিনিয়োগ’ করতে যাচ্ছেন। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পভিত্তির ‘ঐতিহাসিক উৎপাদনগত পুনর্গঠন’ হিসেবে উল্লেখ করেন।
মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে হেগসেথ বলেন, প্রতিরক্ষা ব্যয়ে তাদের জিডিপির অন্তত ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। যুক্তরাষ্ট্র ভবিষ্যতে সেইসব দেশের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেবে, যারা প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি সতর্ক করে বলেন, “যারা এখনো মার্কিন করদাতাদের অর্থের ওপর নির্ভর করে নিরাপত্তা সুবিধা ভোগ করতে চায়, তাদের জন্য সেই দিন শেষ।” তার মতে, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি কৌশলগত প্রয়োজনীয়তা।
আবা/এসআর/২৬