ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মার্কিন আদালতে ট্রাম্প প্রশাসন গৃহীত ৩৯টি দেশের অভিবাসী নীতি বাতিল

মার্কিন আদালতে ট্রাম্প প্রশাসন গৃহীত ৩৯টি দেশের অভিবাসী নীতি বাতিল

কয়েক মাস আগে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার ৩৯টি দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন এবং কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট), গ্রিন কার্ড এবং নাগরিকত্ব লাভের আবেদন গ্রহণের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন, তা বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

শুক্রবার দেশটির রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী প্রোভিডেন্সের চিফ ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জন ম্যাককোনেল এক রায়ে এ ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউ.এস. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস—ইউএসসিআইসি) কর্তৃক গৃহীত একগুচ্ছ নীতি বাতিল করে দিয়েছেন বিচারক ম্যাককোনেল।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এসব নীতি আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের কয়েক ডজন দেশের মানুষকে ‘অনির্দিষ্ট আইনি অনিশ্চয়তার’ মধ্যে ফেলে দিয়েছে।

রায়ে বিচারক ম্যাককোনেল বলেছেন, যেসব অভিবাসী কংগ্রেস (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট) এবং ইউএসসিআইসের আইন ও বিধি মেনে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আবেদন করেছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে মাসের পর মাস ধরে অপেক্ষা করতে বাধ্য করছে ইউএসসিআইএস।

যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতা এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ম্যাকাকোনেল ইউএসসিআইসের সমালোচনা করে আরও বলেন, “ইউএসসিআইএস তার আইন ও বিধিবদ্ধ দায়িত্ব পালনের ক্ষেত্রে অভিবাসনবিরোধী মনোভাব দ্বারা পরিচালতি হচ্ছে, যা সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছে। এটি পেশাদার মনোভাবের বিরোধী।”

রায়ে বিচারক আরও উল্লেখ করেন “যেসব অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউএসসিআইএস, তাদের বিরুদ্ধে গণ হারে কোনো অপরাধ বা আইনভঙ্গের অভিযোগ নেই। তারা আবেদন করেছে কেবল এই কারণে যে জন্মসূত্রে তারা মার্কিন নাগরিক নয়।”

আবা/এসআর/২৬

মার্কিন আদালত,অভিবাসী নীতি,ট্রাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত