ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্ক ঘিরে টানাপোড়েনের মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে।

আজ (শনিবার) সকালে মার্কিন অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে।

ব্যবসায়ীদের মতে, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত সামরিক সংঘাতের আশঙ্কা কমে আসা এবং তেল সরবরাহে তাৎক্ষণিক ঝুঁকি হ্রাস পাওয়ায় বাজারে এ দরপতন দেখা দিয়েছে।

অয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, বেইজিংয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার কমে ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। এতে এই তেলের দাম ২ দশমিক ০৪ শতাংশ কমে যায়।

একই সময়ে মুরবান ক্রুডের দাম ২ দশমিক ৮২ ডলার কমে ৯০ দশমিক ৬৮ ডলারে নেমে আসে, যা ৩ দশমিক ০২ শতাংশ পতন।

অন্যান্য বেঞ্চমার্কেও দরপতন দেখা গেছে। ডব্লিউটিআই মিডল্যান্ডের দাম ২ দশমিক ৬৯ শতাংশ কমে ৯১ দশমিক ১৭ ডলারে, মার্স ক্রুডের দাম ১ দশমিক ৭৬ শতাংশ কমে ১১২ দশমিক ২১ ডলারে এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্টের দাম ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ৮০ দশমিক ৬৯ ডলারে নেমেছে।

এ ছাড়া প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দামও কমেছে। তবে ডিজেলের দাম ০ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।

সূত্র: গালফ নিউজ।

বিশ্ববাজার,জ্বালানি তেল,দাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত