ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

উত্তর ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। টাইমস অব ইসরায়েল, আল-জাজিরাসহ একাধিক বৈশ্বিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির বরাতে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে উত্তর ইসরায়েলে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েলের স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১ টার দিকে ঘটেছে এ হামলা। কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তবে আইডিএফ জানিয়েছে উত্তর ইসরায়েলের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র সতর্ক অ্যালার্ম বেজেছে।

পরে আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সবগুলোকে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে।

এদিকে হামলার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলজুড়ে স্কুলসহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। সেই সঙ্গে নাগরিকদের বাড়িঘর ছেড়ে সেফ হোম এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানিয়েছে।

৬ জুন শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে স্থানীয় সময় সন্ধ্যায় বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে আহত হয়েছে ৪ জন শিশুসহ কমপক্ষে ২০ জন।

একই দিন দক্ষিণ লেবাননেও বিমান অভিযান পরিচালনা করেছে আইএএফ। এতে লেবানিজ সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলসহ বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল, আল জাজিরা, সিএনএন

আবা/এসআর/২৬

ইসরায়েল,ক্ষেপণাস্ত্র হামলা,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত