অনলাইন সংস্করণ
১৭:৫৭, ০৬ আগস্ট, ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করছে প্রতারকচক্র। এমন অভিযোগ পাওয়ার পর সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জরুরি পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা দাবি করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।
হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভারতীয় হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনো ভিসা প্রদান কিংবা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ইমেইলের মাধ্যমে কারো সঙ্গে যোগাযোগ করেন না। সব ধরনের ভিসা আবেদন শুধু নির্ধারিত অফিশিয়াল কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়ে থাকে।
প্রতারণা থেকে সুরক্ষায় সাধারণ মানুষের প্রতি তিনটি বিশেষ অনুরোধ জানিয়েছে হাইকমিশন।
১. এ ধরনের কোনো কল, মেসেজ বা প্রস্তাব পেলে কাউকে কোনো অর্থ প্রদান করবেন না।
২. নিজের ব্যক্তিগত বা আর্থিক সংক্রান্ত কোনো গোপন তথ্য শেয়ার করবেন না।
৩. প্রতারণার শিকার হলে বা এমন কোনো কল-মেসেজ পেলে ফোন নম্বর, স্ক্রিনশটসহ যাবতীয় তথ্য সরাসরি [email protected] ই-মেইলে পাঠিয়ে সঙ্গে সঙ্গে হাইকমিশনকে জানান।
সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এসংক্রান্ত তথ্য শেয়ার করে অন্যদেরও নিরাপদ রাখতে সাহায্য করার অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।