অনলাইন সংস্করণ
১৮:৪১, ৩১ মে, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হচ্ছে আগামী সোমবার, ২ জুন। রাজধানীর সেগুনবাগিচার ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল সাড়ে ৩টায় এই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছে কমিশন সূত্র।
প্রথম দিনের আয়োজনে কেবল প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন বলে জানা গেছে। পরদিন মঙ্গলবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। সোমবারের সংলাপে ৩২টি রাজনৈতিক দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে প্রথম ধাপে গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ করে কমিশন। যদিও অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি, তবে কিছু বিষয়ে সম্পূর্ণ ও আংশিক ঐকমত্য গড়ে উঠেছে বলে জানানো হয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় ধাপের সংলাপ হবে বিষয়ভিত্তিক। যে সব মৌলিক প্রশ্নে প্রথম দফায় একমত হওয়া যায়নি, সেগুলোতেই এবার গুরুত্ব দেওয়া হবে।