ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ মন্তব্যের জেরে তদন্ত চান হানজালা

সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ মন্তব্যের জেরে তদন্ত চান হানজালা

সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ বলে কটাক্ষ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। একই সঙ্গে তিনি বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন এবং এ ধরনের মন্তব্যকে সংসদের মর্যাদার জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের সপ্তম দিনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তদন্তের দাবি তোলেন তিনি।

সংসদে বক্তব্য দিতে গিয়ে হানজালা বলেন, এটি ছিল তার প্রথমবার সংসদে দাঁড়িয়ে কথা বলা এবং তিনি ভিন্নভাবে কথা বলতে চেয়েছিলেন। তবে সাম্প্রতিক একটি ঘটনার কারণে তাকে বিষয়টি উত্থাপন করতে হচ্ছে। তিনি স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া করেন এবং জানান, তিনি জানাজায় উপস্থিত ছিলেন।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, সংসদের দক্ষিণ প্লাজা দিয়ে প্রবেশের সময় পেছন থেকে কেউ তাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করে। এ ঘটনাটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে এবং ভিডিওসহ বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে।

একজন বর্তমান সংসদ সদস্যকে এভাবে সম্বোধন করায় সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। হানজালার মতে, তার মাথায় পাগড়ি এবং গায়ে সাদা পাঞ্জাবি থাকার কারণে তাকে এমনভাবে ডাকা হতে পারে।

তিনি বলেন, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী এই পোশাক কোনোভাবেই জঙ্গিবাদের প্রতীক হতে পারে না। তিনি স্পিকারের প্রতি অনুরোধ জানান, সংসদ ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হোক।

এ ধরনের ঘটনা বিরোধী দলের সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, বিশেষ অধিকার প্রশ্নে নোটিশ দিলে বিষয়টি বিবেচনা করা হবে।

তদন্ত চান হানজালা,‘জঙ্গি এমপি’ মন্তব্য,সংসদ প্রাঙ্গণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত