ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কৃত্রিম দুধে নয় ভবিষ্যৎ, শিশুদের সু-স্বাস্থ্যে জন্য মায়ের দুধই শ্রেষ্ঠ: স্বাস্থ্যমন্ত্রী

কৃত্রিম দুধে নয় ভবিষ্যৎ, শিশুদের সু-স্বাস্থ্যে জন্য মায়ের দুধই শ্রেষ্ঠ: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের সুস্থ ও নিরাপদ বেড়ে ওঠার জন্য মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, জন্মের পরপরই শিশুকে শালদুধ পান করানো এবং অন্তত প্রথম কয়েক মাস মায়ের দুধ নিশ্চিত করা প্রতিটি পরিবারের দায়িত্ব।

শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মহান আল্লাহ মায়ের দুধকে শিশুর জন্য সর্বোত্তম পুষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। জীবনের শুরুতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশের সবচেয়ে বড় ভিত্তি হলো মাতৃদুগ্ধ। কিন্তু বর্তমানে সিজারিয়ান প্রসবের হার বৃদ্ধি এবং সচেতনতার অভাবে অনেক নবজাতক শালদুধ ও মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, পুষ্টিহীনতার কারণে শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যাচ্ছে। অনেক মা নিজের অপুষ্টির অজুহাতে শিশুকে দুধ খাওয়ানো বন্ধ রাখেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অল্প বয়সে বিয়ে, অপুষ্টি ও অসচেতনতার কারণেও শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে মাতৃদুগ্ধপানের গুরুত্ব তুলে ধরতে হবে।

শিশুখাদ্য প্রসঙ্গে তিনি বলেন, বাজারে প্রচলিত কৃত্রিম ও প্রক্রিয়াজাত দুধের ওপর নির্ভর না করে ছয় মাস বয়সের পর শিশুদের ঘরে তৈরি পুষ্টিকর খাবার—যেমন খিচুড়ি, ডাল, আলু ও শাকসবজি—খাওয়ানোই সবচেয়ে নিরাপদ ও উপকারী।

মায়েদের উদ্দেশে তিনি বলেন, সন্তানকে আল্লাহর দেওয়া এই অমূল্য নিয়ামত থেকে বঞ্চিত করবেন না। সুস্থ, সবল ও মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে মাতৃদুগ্ধপানের বিকল্প নেই।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী,মায়ের দুধ,শিশুদের সু-স্বাস্থ্যে,কৃত্রিম দুধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত