ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চেনা দুই পুরুষ

ফাত্তাহ সিয়াম
চেনা দুই পুরুষ

ঘোড়ার খুরের মতো বয়ে চলে আরবান বৃষ্টি

হে পেন্ডুলাম, সুনীল আকাশে রাতের জ্যোৎস্না,

একশ রাতের বিভীষিকা, যে রাত ইনসমনিয়া,

তার মতো আরবান বৃষ্টি চলে যায় সহসা।

অন্তরঙ্গ ফুলপাতা পাখিদের গানে

আমাদের সবচেয়ে ক্ষীণ সুরে।

মাঠ হারাবার দেশটা কই জানো নাকি?

বান আসবে বলে এখনও ভেসে যাইনি।

ইসরাফিলের বাঁশি বাজবে, আজও মরি না।

জিবরাইলের ডানায় করে পাড়ি দিব মায়ের কল্পলোক।

বোরাকে করে চলে যাব মরা বাপের কাছে।

তারে বড়োই দেখতে ইচ্ছে করে।

বড় হতে হতে মনে হয় আব্বার মতো

বৈষয়িক ব্যর্থ পুরুষের উপমা ছাড়া

আর কোনো পথ খোলা নেই।

আব্বার সাথে এখনো হাঁটি। মনের ভেতর

আমি আর আব্বা মূলত চেনা দুই পুরুষ।

ব্যর্থ প্রেমের গোঙানিতে আমাদের ঘুম ভাঙে

একই দুনিয়ায়।

সুরমা মাছের আঁতকে উঠা কানকোতে

আমরা আঁকব দিবা স্বপ্ন। নদীতে ভেসে ভেসে

যেতে যেতে সুঘ্রাণে মাতোয়ারা করবে নদীর ডানা।

নদীরও ডানা হয় জানো নাকি?

নদীও উড়ে চিলের সঙ্গে।

গান গায় বিলের সঙ্গে।

তোমরা ভাবো শুধু দুঃখ হয় আমার।

দুঃখ হইতো আমার পিতার।

চিরজনম দুঃখী বঙ্গদেশের সকল নদী।

সকল সরোবর।

মাঠ হারাবার দেশে নদী মেশে।

মেশে জনপদের সকল দুঃখ।

জিবরাইলের ডানায় ভেসে আসে

ইসরাফিলের শিঙায় এ জনপদের

পুরাণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত