ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রমজান মাহমুদ

ছন্দের ভেতর দায়িত্বের আলোকশিখা

বাদল চৌধুরী
ছন্দের ভেতর দায়িত্বের আলোকশিখা

বাংলা ছড়ার যাত্রা মৌখিক থেকে লৈখিকে, উঠোন থেকে গ্রন্থে। সেই উত্তরণের পর ছড়া আর পেছনে ফেরেনি, বরং সাহিত্যের মূলস্রোতে নিজের আসনকে দৃঢ় করেছে। এ আসনকে যারা নীরবে, ধারাবাহিক সাধনায় সম্মোহিত করেছেন— তাদের মধ্যে রমজান মাহমুদ এক স্বতন্ত্র নাম।

তিন দশকের অধিক সময় ধরে তিনি ছড়াকে আঁকড়ে আছেন— একাগ্রতায়, নিষ্ঠায়। তার প্রকাশভঙ্গি সাবলীল, প্রবহমান, আয়াসহীন। অথচ ছড়া কখনোই আয়াসহীন শিল্প নয়। আপাত সরলতার অন্তরালে সুসংহত ভাবনা, সংহত দর্শন, পরিমিত শব্দ ও নিখুঁত মিলের সমন্বয়ই ছড়াকে ছড়া করে তোলে। পদ্য লিখতে পারলেই ছড়া হয় না— কবিতার পাশে ছড়া এক ভিন্ন প্রকরণ, ভিন্ন শৃঙ্খলা। সেই শৃঙ্খলার প্রতি রমজান মাহমুদের আনুগত্য গভীর।

তার ছড়ার প্রধান শক্তি তিনটি— যথাযথ শব্দ নির্বাচন, অচেনা বিষয়কে চেনা আলোয় উপস্থাপন এবং শেষ পঙক্তিতে এক নিঃশব্দ চমক। তিনি উচ্চকণ্ঠে হাসান না, মৃদু হাসির ভেতর একটি প্রশ্ন রেখে যান। তার ছড়ায় অসংলগ্নতার আভাস আছে, কিন্তু সেই আভাসের ভেতর প্রচ্ছন্ন থাকে এক গভীর সংলগ্নতা— জীবনের প্রতি এক নির্মোহ পর্যবেক্ষণ।

তিনি বহু আঙ্গিকে লিখেছেন— অন্ত্যমিল, আদ্যমিল, মধ্যমিল, অনুপ্রাস, ঘনবিন্যস্ত মিল, প্রশ্নোত্তর নির্ভর ছড়া, লিমেরিক। প্রতিটি আঙ্গিকেই তার স্বাক্ষর সুস্পষ্ট। যেমন— 'গন্ধ বুঝে চলার রাস্তা বুনতে সবাই পারে না'— এ পঙক্তিতে ছন্দের পাশাপাশি এক নীরব দর্শন উচ্চারিত হয়। নীরবতারও যে শব্দ আছে, না-দেখারও যে দেখা আছে, তা তিনি ছড়ায় বলেন। আবার 'যদু চান কলা খায়, মধু কান মলা খায়'— এখানে একটি ক্রিয়াপদকে কেন্দ্র করে ধ্বনির আবর্তন, মিলের বিন্যাসে এক নিপুণ শিল্পকৌশল।

লিমেরিকের পাঁচ পঙক্তির সীমিত পরিসরে তিনি জীবনের প্রতিচ্ছবি আঁকেন। 'বৃষ্টিতে ভিজে ভিজে সোজা হেঁটে চলে, ছাতাখানা থাকলেও রেখেছে বগলে'— এ চিত্রটি কৌতুকের নয়, আমাদের সঞ্চয়ের ভয়, আমাদের অপ্রয়োজনীয় আগলে রাখার প্রবণতার প্রতীক।

তার আরেকটি সাহিত্যমাধ্যম— ক্লেরিহিউ। চার পঙক্তির এ ব্যঙ্গ-জীবনীভিত্তিক প্রকরণে তিনি সিদ্ধহস্ত। ২০১১ সালে তার ক্লেরিহিউ গ্রন্থ 'জগৎজুড়ে আলোর মেলা' প্রকাশিত হয়। এই বইয়ের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেন— ছড়া ও লিমেরিকের পাশাপাশি ক্লেরিহিউতেও তিনি সমান স্বচ্ছন্দ, সমান শিল্পীত। এ ত্রিমাত্রিক বিচরণ— ছড়া, লিমেরিক, ক্লেরিহিউ— তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

ছড়ার বাইরে কিশোর কবিতা ও গল্পেও তার বিচরণ সমান উজ্জ্বল। 'নূপুর বাজে দুপুর সাঁঝে' গ্রন্থে তিনি লেখেন— 'কবিরা বোঝেন পাখিদের ভাষা'— এ বোঝা শুধু কবির নয়, এক দায়িত্বশীল মানুষের। ছবির ভেতর ছবি খুঁজে পাওয়া, ঢেকে রাখা ও বুঝিয়ে দেওয়ার মধ্যে যে ভারসাম্য, তা তার কিশোর কবিতার প্রাণ। 'পিঁপড়া ও শিপরা', 'গাছবন্ধু'র মতো গল্পে প্রকৃতি ও মানবতার সম্পর্ককে তিনি কোমল ভাষায় বিন্যস্ত করেছেন।

রমজান মাহমুদ ছড়া, লিমেরিক, ক্লেরিহিউ, শিশুসাহিত্য, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে বিভিন্ন পত্রিকা-ম্যাগাজিনে নান্দনিক প্রবন্ধ রচনা করেও খ্যাতি অর্জন করেছেন।

তার প্রকাশিত ২১টি গ্রন্থের নামকরণেই  ছন্দবোধের পরিচয় মেলে— 'চিৎপটাং' (১৯৯৭), একশো লিমেরিক' (২০০০), 'তালবেতাল' (২০০২), 'অদলবদল' (২০০৬), 'টানাটানি' (২০০৬), 'বাঁচার লড়াই' (২০০৮), 'নূপুর বাজে দুপুর সাঁঝে' (২০০৯), 'জগৎজুড়ে আলোর মেলা' (২০১১), 'রঙবেরঙ' (২০১২), 'মিলঅমিল' (২০১৫), 'ধূমধাম' (২০১৫), 'যখন যেমন তখন তেমন' (২০১৫), 'পিঁপড়া ও শিপরা' (২০১৭), 'গাছবন্ধু' (২০১৭), ''ডিম আগে না মুরগি আগে' (২০২১), 'নাদুসনুদুস' (২০২১), 'থোকায় থোকায় স্বপ্ন জ্বলে' (২০২২), আলোর খেলা (২০২৩), আনন্দবাগান (২০২৪), ছড়াসমগ্র (প্রথম খণ্ড) (২০২৪), কিছু প্রশ্ন থেকে যায় (২০২৫) ইত্যাদি। এ ছাড়া সম্পাদনা করেছেন কবিতা সংকলন 'নোঙর ফেলেছে চাঁদ' (২০২৪)। প্রতিটি নাম ধ্বনিময়, ছন্দময়, স্মরণীয়। প্রকাশকালের ধারাবাহিকতা প্রমাণ করে তিনি ক্ষণিকের লেখক নন, দীর্ঘ পথের যাত্রী।

সম্পাদনা কিংবা সম্পাদক হিসেবে তার ভূমিকা আরও গভীর। 'ছড়ার কাগজ', 'কিশোর কাগজ', 'লিমেরিক', 'ছোটদের পদক্ষেপ', 'ম্যাজিক লণ্ঠন'— এ সংগঠন ও ছোট পত্রিকাগুলোকে ঘিরে তিনি একটি প্রজন্মকে যুক্ত করেছেন। আর ছড়ার জন্য একটি বৃহৎ পরিসর তৈরি করেছেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য, চট্টগ্রাম একাডেমির পরিচালক, বাংলাদেশ লিমেরিক সোসাইটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছড়া একাডেমির পরিচালক, অক্ষর সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক, পদক্ষেপ বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। তার প্রতিটি পরিচয়ে তিনি যুক্ত করেছেন দায়িত্বের মাত্রা।

তিনি লিখেছেন নীরবে, পুরস্কার এসেছে সরবে। তার সাধনার স্বীকৃতিগুলো— অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ১৪১৪ বঙ্গাব্দ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সম্মাননা ২০১১, কুঁড়ি পত্রিকা সম্মাননা বগুড়া ২০২৩, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা ২০২৩, সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ২০২৩, ম্যাজিক লণ্ঠন কবিতা সম্মাননা ২০২৩, ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড ২০২৩, স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২৩, ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৪, প্রিয় প্রকাশ-সুকুমার রায় সম্মাননা ২০২৪, মুজিবুর রহমান-কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪।

কিন্তু পুরস্কারের চেয়েও বড় তার বিপুল পাঠকপ্রিয়তা। শিক্ষকতার আদর্শ, পরিমিতিবোধ, সমাজের প্রতি অঙ্গীকার তার লেখায় প্রতিফলিত। তাই তার ছড়া কেবল আনন্দ দেয় না, মূল্যবোধের দিকেও নির্দেশ করে।

বরেণ্য শিশুসাহিত্যিক সুকুমার বড়ুয়া তার সম্পর্কে লিখেছিলেন— 'রমজান মাহমুদ/ এনেছেন খাঁটি দুধ/যাতে আছে সার'। এ মূল্যায়ন যথার্থ। ভেজালের সময়ে খাঁটি থাকা, সরলতার সময়ে গভীর থাকা— এটাই রমজান মাহমুদের বৈশিষ্ট্য।

১৯৭১ সালের ১০ নভেম্বর চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া এই লেখক মুক্তিযুদ্ধের আলো-অন্ধকারের সন্ধিক্ষণে পৃথিবীতে এসেছেন। সেই আলো তার ছন্দে, সেই দায় তার কলমে এখনও বহমান।

সুবিধাবাদী

রমজান মাহমুদ

আকাশে আছে, পাতালে আছে

গর্তে আছে, চাতালে আছে।

আগায় আছে, গোড়ায় আছে

গাধায় আছে, ঘোড়ায় আছে।

মন্দে আছে, ভালোয় আছে

আঁধারে আছে, আলোয় আছে।

বালিতে আছে, কাদায় আছে

কালোয় আছে, সাদায় আছে।

বামেও আছে, ডানেও আছে

চুরিতে আছে, দানেও আছে।

আসলে আছে, নকলে আছে

ত্যাগেও আছে, দখলে আছে।

বড়িতে আছে, সিরাপে আছে।

'ধর্মে আছে, জিরাফে আছে'।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত