প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৪ নভেম্বর, ২০২৬
কবিরুল ইসলাম। ভালুকার একটি ডাইং কারখানার ম্যানেজার। ডাইং কারখানায় আসলেই অনেক কাজ থাকে। কবিরুল ইসলামকে না দেখলে টের পাওয়া যেত না। এটা এমন একটি কারখানা যেখানে সুতা বা কাপড়কে বিভিন্ন রঙে রাঙ্গানো হয়। আমরা যে কাপড়টা পড়ি, যে সুন্দর পোশাক পড়ে নিজেরা আনন্দিত হই; সেই কাপড়কে রঙিন করতে কতজনকে কতকিছুই না করতে হয়।
কবিরুল ইসলাম আমাকে সময় পেলেই তাদের বিশাল কর্মযজ্ঞের কথা বলত। ডাইংয়ে বয়ন কারখানা বলে একটা সেকশন আছে। এখানে কাপড়ে কোন দাগ আছে কিনা, সুতা ছেঁড়া কিনা, বুননে কোন ত্রুটি আছে কিনা এসব পরীক্ষা করা হয়। পরে কাপড়কে শক্ত ও টেকসই করার জন্য তাতে মাড় দেয়া হয়। কাপড়ের সাথে থাকা বিভিন্ন তেল, মোম, ধূলাবালি ও অন্যান্য পদার্থকে দূর করার জন্য ক্ষার দিয়ে গরম পানিতে কাপড় পরিস্কার করা হয়। কাপড়কে ধবধবে সাদা করার জন্য হাইড্রোজেন পার অক্সাইড বা সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করা হয়। সুতি কাপড়ে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে নাকি কাপড়ের উজ্জ্বলতা বাড়ে। এরপর বড় বড় রোলারে কাপড় রঙ করা হয়। এটা আসলেই বিশাল একটা কর্মযজ্ঞ।
এসব বিশাল কর্মযজ্ঞের মাঝে একটা কষ্টও লুকিয়ে আছে। কবিরুল ইসলাম সব খেতে পারে কিন্তু পানি খেতে পারে না। পানি দেখলেই সে ভয় পেয়ে যায়। এ ডাইং কারখানায় এর আগেও যেসব ম্যানেজার এসেছে, তাদেরও ভয় ছিল পানিতে। আরও ভয়ের বিষয় হচ্ছে পানি খেয়েই তারা মারা গেছে। এমনকি এখানকার শ্রমিকদের মধ্যে একটা গল্প প্রচলিত আছে যে যে ডাইং কারখানার বিষ পানিতে মিশে একরের পর একর ফসলি ক্ষেত ধ্বংস করেছে, হাজার হাজার কৃষককে সর্বস্বান্ত করেছে, সেই বিষই, সেই কালো বিষই খাবারের জলে মিশে ম্যানেজারদের মেরে ফেলে। তাদের বিশ্বাস এখানকার কোনো ম্যানেজারই বাঁচবে না। কোনো না কোনোভাবে সেই বিষ, সেই কালো বিষ খাবারের জলে মিশবে। আর ম্যানেজার মারা যাবে। এরকম গল্প কবিরুল ইসলামও শুনেছে। তাকে একবার কোনো এক কর্মকর্তা এ কথা বলেছেও। সে কানে নেই নি। কানের নেবার মতো হলে তো কানে নিবে। এটা কি সম্ভব যে ডাইং কারখানার বিষাক্ত পানি ম্যানেজারের খাবারের জলে এসে মিশবে। এটা সে বিশ্বাস না করলেও একেবারে যে বিশ্বাস করে না, তা কিন্তু না। এটা বোঝা যায় যখন সে খাবারের পানি খাওয়ার সময় বিশেষ সতর্ক হয়ে যায়। খাবারের পানি খাওয়ার সময় সে কয়েকবার করে দেখে নেয়। পানিটা কোথা থেকে নেয়া হয়েছে, কখন নেয়া হয়েছে সব কিছু জেনে টেনে তারপর খায়।
একটা ডাইং কারখানায় কত শ্রমিক থাকে। ১০০ এর নিচে শ্রমিক দিয়ে তো কাজই করা যায় না। সেখানে কত ধরনের শ্রমিক কত জায়গা থেকে আসে, কত জন কি না বলে সব তো আর আমলে নেয়া যায় না। তবে একটি ঘটনা সে কাউকে বলে না। সে প্রায়ই স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে যে তাদের ড্রয়িং রুম আর বেডরুমের ফ্লোর বেয়ে কেমন যেন ছল ছল শব্দ আসছে। তারপর যখন সে স্বপ্নে বাথরুম বা রান্না ঘরের কল খুলে দেখে যে সেখানে পানির বদলে বেরিয়ে আসছে আঠারো ও কালো পানি। এ ধরনের স্বপ্ন সে কয়েকবারই দেখেছে।
কবিরুল ইসলাম এসব পাত্তা টাত্তা দিত না। সে অনেকদিন ডাইং কারখানায় থেকে যাচ্ছিল। অনেক দিন আমার সাথে কোন কথাও হচ্ছিল না। হঠাৎ একদিন আমার এক বন্ধুর সঙ্গে দেখা হলো। কথা প্রসঙ্গে কবিরুল ইসলামের প্রসঙ্গ আসল। সেই জানাল— কবিরুল ইসলাম মারা গেছে।
আমি জিজ্ঞেস করলাম— কি বলিস, কিভাবে? সে বলল— কালো বিষাক্ত পানি খেয়ে।