ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শিবচরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ টাকা ছিনতাই

শিবচরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ টাকা ছিনতাই

মাদারীপুর জেলার শিবচরে এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রাইভেটকারে করে আসা ডাকাতদল পথরোধ করে গরু ব্যবসায়ীদের এলোপাতাড়ি কুপিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নেয়। আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার ভোর ৬টার সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা চৌরাস্তা নামক স্থানের সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিবচরের পাঁচ্চর থেকে গরু কিনতে পিকআপভ্যানে করে টেকেরহাট যাচ্ছিলেন পাঁচ্চর এলাকার দুই গরু ব্যবসায়ী। ভাঙ্গাগামী লেনের বন্দরখোলা চৌরাস্তার কাছে এলে সামনে থেকে একটি প্রাইভেটকার তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় পিকআপভ্যান থামিয়ে বিষয়টি দেখার চেষ্টা করলে প্রাইভেটকারে থাকা ডাকাতদলের চার সদস্য এলোপাতাড়ি কুপিয়ে দুই ব্যবসায়ীকে আহত করে।

এ সময় তাদের সঙ্গে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নেন। আহতাবস্থায় ব্যবসায়ী রাজন মোল্লা (৬০) ও আলাউদ্দিন দেওয়ানকে (৬৭) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত রাজন মোল্লা বলেন, আমরা পিকআপভ্যান নিয়ে টেকেরহাট যাচ্ছিলাম। বন্দরখোলা চৌরাস্তার কাছে একটি প্রাইভেটকার রাস্তায় দাঁড় করানো ছিল। আমরা ভেবেছিলাম গাড়িটি নষ্ট হয়ে গেছে। বিষয়টি দেখার চেষ্টা করলে চার ডাকাত আমাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। সঙ্গে থাকা চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

শিবচর থানার ওসি রকিবুল হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা আমাদের মতো কাজ করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত