ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনের ৪ বছর পর ইউপি সদস্যের শপথগ্রহণ

নির্বাচনের ৪ বছর পর ইউপি সদস্যের শপথগ্রহণ

চার বছর আগে অনুষ্ঠিত জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে পরাজিত হন আব্দুস সবুর। এর পরেই তিনি ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হন। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে শপথগ্রহণ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে আব্দুস সবুর পিন্টু (তালা প্রতীক) ও মারুফ হাসান রনি (ফুটবল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা মারুফ হাসান রনিকে এক ভোটে বিজয়ী ঘোষণা করেন। ফলাফল নিয়ে আপত্তি তোলেন আব্দুস সবুর পিন্টু। পাঁচ দফা পুনর্গণনার পরও তাকে এক ভোটে পরাজিত দেখান হয়। এরপর মারুফ হাসান রনি শপথ নিয়ে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভোটের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে আব্দুস সবুর পিন্টু ২০২১ সালের ১৫ ডিসেম্বর জয়পুরহাট জজ আদালতের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১৫ অক্টোবর জেলা নির্বাচনি ট্রাইব্যুনাল (ইউনিয়ন পরিষদ) আদালতের বিচারক ইফতেখার শাহরিয়ার ভোট পুনর্গণনার আদেশ দেন। আদালতে প্রকাশ্যে পুনর্গণনায় ভোট গণনায় তালা প্রতীকে আব্দুস সবুর পিন্টু পান ১ হাজার ১১৪ ভোট এবং ফুটবল প্রতীকে মারুফ হাসান রনি পান ১ হাজার ১১১ ভোট। এতে তিন ভোটের ব্যবধানে আব্দুস সবুর পিন্টুকে বিজয়ী ঘোষণা করা হয়। আদালতের রায়ের পর নির্বাচন কমিশন আব্দুস সবুর পিন্টুকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে শপথ করান উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত। এ সময় তিলকপুর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও কর্মরতরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর আব্দুস সবুর পিন্টু বলেন, ২০২১ সালের নির্বাচনে আমি প্রকৃত বিজয়ী ছিলাম। অনৈতিকভাবে আমাকে এক ভোটে পরাজিত দেখান হয়েছিল। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন, আদালতের রায় কার্যকর হওয়ায় এখন তিনি এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিলকপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে আব্দুস সবুরকে শপথ করান হয়েছে। শপথের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত